ফেনীর ফুলগাজী উপজেলার ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে আগামী ১৭ সেপ্টেম্বর সম্মানি প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক গঠিত ‘মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য মাসিক সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা’ বিষয়ক সেলের অষ্টম সভায় এ তথ্য জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হয়েছে।

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, এ খাতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রথম বছরে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন সুবিধাভোগীকে সম্মানি দেওয়া হবে। আগামী চার বছরের মধ্যে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, মাসিক সম্মানি স্বচ্ছ প্রক্রিয়ায় উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। সম্মানি প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে, যাতে প্রকৃত উপকারভোগীরা কোনো ধরনের হয়রানি বা অনিয়ম ছাড়াই যথাসময়ে তাদের প্রাপ্য সম্মানি পান।

মো. ইসমাইল জবিউল্লাহ আরও বলেন, দ্রুত ও স্বচ্ছভাবে সম্মানি ভাতা পৌঁছে দিতে ধর্ম মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এমআইএস সফটওয়্যার ব্যবহার করে জি-টু-পি পদ্ধতিতে সম্মানি ভাতা দেওয়া হবে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পর আগামী মাসের প্রথমার্ধে উপকারভোগীদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম কিস্তির ভাতা পৌঁছে দেওয়া হবে।