চলচ্চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডন রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বলে দাবি করেছে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পাঁচদিনের রিমান্ড শেষে বুধবার (৯ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। বিষয়টি জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।
আবেদনে বলা হয়, আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ডন। ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত সালমান শাহর সাথে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। মামলার এজাহারের পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের চেনেন বলে প্রকাশ করলেও মামলার অনেক তথ্য গোপন করছেন ডন।
এতে আরও বলা হয়, সালমান শাহর মৃত্যুর বিষয় ও মামলার ঘটনার বিষয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অত্যন্ত কৌশলে কথা বলেন। তবে আসামির আচার-আচরণে, চালচলনে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে অনেক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনে আসামিকে পুনরায় আদালতের অনুমতি সাপেক্ষে জিজ্ঞাসাবাদ করা হবে। সুতরাং, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম হত্যা মামলাটি দায়ের করেন।