কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে মার্কিন নৌবাহিনীর দুটি জাহাজ, আটটি তেলবাহী ট্যাঙ্কারসহ মোট ২০টি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
প্রণালিতে নিজেদের পূর্ণ কর্তৃত্ব ও সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় বলে আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে দেওয়া এই বিবৃতির শুরুতে ইরানের জনগণের প্রশংসা করা হয়। সশস্ত্র বাহিনীর প্রতি প্রায় ১৯০ দিন ধরে ধারাবাহিক সমর্থন জোগানোর মাধ্যমে সহনশীলতা ও সচেনতা প্রদর্শনের জন্য জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আইআরজিসি কর্মকর্তারা জানান, জাতীয় স্বার্থ রক্ষায় হরমুজ প্রণালির ওপর তাদের নৌবাহিনী পূর্ণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
আইআরজিসির মতে, মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক আগ্রাসী পদক্ষেপের প্রত্যক্ষ জবাবে এই অভিযান চালানো হয়েছে। তেহরানের অভিযোগ, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে মার্কিন বাহিনী পারস্য উপসাগরে েইরানের পাঁচটি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করেছিল। এর জবাবে, আইআরজিসি নৌবাহিনী ওই এলাকায় দুটি মার্কিন জাহাজ ও আটটি তেল ট্যাঙ্কারকে আক্রমণ করে। হামলায় লক্ষ্যবস্তুগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি আইআরজিসির।
এছাড়াও হরমুজ প্রণালির ভেতরে ইরানের ঘোষিত নিষিদ্ধ ও বিপজ্জনক অঞ্চল দিয়ে চলাচলের চেষ্টা করার অপরাধে আরও দশটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়।
আইআরজিসি জানায়, নিয়ম অমান্যকারী এই জাহাজগুলো মার্কিন বাহিনীর প্ররোচনা ও সমর্থনে সেই অঞ্চলটি অতিক্রম করার চেষ্টা করছিল।
বিবৃতির শেষাংশে আইআরজিসি সতর্ক করে জানায়, বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটির ওপর তাদের সার্বক্ষণিক তদারকি ও সক্রিয় সামরিক নজরদারি বজায় থাকবে।
তথ্যসূত্র: ওয়ানা নিউজ