বৈশ্বিক সব সমস্যার দ্রুত সমাধান সম্ভব নাও হতে পারে, তবে চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের নতুন সভাপতি খলিলুর রহমান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব গ্রহণের পর তিনি এ কথা বলেন। এর আগে নিউইয়র্কে সদর দপ্তরে ৮০তম অধিবেশনের সমাপ্তি ও নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানের শপথ অনুষ্ঠিত হয়।

খলিলুর রহমান বলেন, সব সমস্যার দ্রুত ও বন্ধুত্বপূর্ণ সমাধান হয়ে যাবে এমন সরল ব্যক্তি আমি নই। কিছু বিষয় সমাধান ছাড়া থেকে যাবে, কিছু বিষয়ে সময় লাগবে। তার মানে এই নয় যে যেখানে পারি সেখানে সহাবস্থানের চেষ্টা করব না। সেই চেষ্টা অব্যাহত রাখব।

সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলো একসঙ্গে কাজ করলে তার কাজ সহজ হবে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সংস্কার প্রস্তাব এগিয়ে নেওয়ার আশ্বাস দেন তিনি। নাগরিক সমাজ, ব্যবসায়িক গোষ্ঠী, শিক্ষাবিদসহ বিভিন্ন অংশকে জাতিসংঘের কাজে সম্পৃক্ত করার আশা প্রকাশ করেন।

রোহিঙ্গা প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকার প্রধানের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি পরিস্থিতি সরাসরি দেখেছেন, তাদের যন্ত্রণা ও বাড়ি ফেরার তাড়না প্রত্যক্ষ করেছেন।

উল্লেখ্য, ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব হুমায়ুন রশীদ চৌধুরী।