ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় দুই বছর আগে জেনেভায় নিজের ওপর মবের প্রসঙ্গ টেনেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
আসিফ নজরুল লেখেন, আওয়ামী লীগের কিছু কর্মীর কাণ্ড দেখে বিস্মিত হয়েছি। বাঁধনের ওপর হামলা করে নিজেরাই প্রচার করে অকাট্য সাক্ষী রেখেছেন। এখন ব্যবস্থা নেওয়া হলে শূন্য হাতে দেশে ফিরতে হবে। এটা তাদের বা পরিবারের জন্য ভালো হবে না।
আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, কার জন্য এসব করছেন? নতুন বেশে সজীব ওয়াজেদ জয়কে দেখে? তার বা তার মায়ের হৃদয় আপনাদের জন্য কাঁদে বলে বিশ্বাস করেন? করুণ পরিণতি হলে তারা সাহায্য করবে?
তিনি বলেন, নিজেকে বিপন্ন ও দেশের সম্মান ক্ষুণ্ন করা বাদ দিন। দলকে ভালোবাসলে নিয়মতান্ত্রিকভাবে বিদেশে কাজ করুন। মানুষ কেন শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তা বোঝার চেষ্টা করুন, দলের স্বার্থপর নেতাদের প্রশ্ন করুন।
নিজের ঘটনা টেনে তিনি লেখেন, ২ বছর আগে জেনেভায় আমার ওপর মব করার পর ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল, আমি নিইনি। কিন্তু এরপর কেউ কেউ আরও নোংরা ও বেপরোয়া হয়েছেন। এসব সহ্য করার মতো নয়।
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) ভেনিসে বাঁধন, তার ভাই, ভাইয়ের স্ত্রী ও তাদের সন্তানরা আওয়ামী লীগের কর্মীদের দ্বারা হেনস্তার অভিযোগ ওঠে। বাঁধনের অভিযোগ, একদল বাঙালি তাকে ঘিরে শারীরিকভাবে হেনস্তা করে, গায়ে পানি ও কোমল পানীয় ছোড়ে, ফোন ফেলে দেয়, কানে আঘাত করে। তার সঙ্গে ভাইয়ের শিশুসন্তানও ছিল।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হামলাকারীদের একজনকে তাকে ‘জুলাই জঙ্গি’ ও ‘দেশদ্রোহী’ বলতে এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার চেষ্টা করতে শোনা যায়। তারা নিজেদের ভেনিস ছাত্রলীগ ও বঙ্গবন্ধুর সৈনিক পরিচয় দেয় এবং ঘটনা লাইভ করে।
ফেসবুক লাইভে বাঁধন বলেন, আমি জুলাই যোদ্ধা। ইয়েস, আই অ্যাম। জুলাই আন্দোলনে অংশ নিয়েছি। একজন বাঁধনকে দমানো এত সহজ নয়। তিনি জানান, ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ এর প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন বলেও জানা গেছে।