হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গত ২ সেপ্টেম্বর মন্ত্রণালয় থেকে প্রকাশিত আলাদা তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বোর্ডগুলো গঠন করা হয়। নিয়ম অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রী পদাধিকারবলে তিনটি ট্রাস্টেরই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডে নিপুণ রায় চৌধুরী ও সুবর্না সিকদারকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং তপন চন্দ্র মজুমদারকে সদস্য ও ভাইস চেয়ারম্যান করা হয়েছে। এ ছাড়া জয়দেব রায় জয়, দুলাল বিশ্বাস, বিপ্লব কুমার দে, রাজীব ধর তমালসহ ২০ জনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডে সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন আন্না মিন্জ ও মাধবী মার্মা। বোর্ডে সদস্য ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন জন গমেজ। এ ছাড়া পিউস কস্তা, কুইনটেন রিবেরো ও রীতা রোজলীন কস্তাসহ সাতজনকে সদস্য মনোনীত করা হয়েছে।
অন্যদিকে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে সাচিং প্রু ও দীপেন দেওয়ান এবং সদস্য ও ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে মনোনীত করা হয়েছে। এ ছাড়া সুশীল চন্দ্র বড়ুয়া, মাসাথোয়াই মারমা ও বীর মুক্তিযোদ্ধা মংশৈহ্লা চৌধুরীসহ সাতজন এতে সদস্য হিসেবে রয়েছেন। তিনটি ট্রাস্টেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে সদস্য হিসেবে থাকবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকারবলে নিযুক্ত ব্যক্তিরা ছাড়া মনোনীত ট্রাস্টিদের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন বছর। তবে নতুন ট্রাস্টি মনোনয়ন না দেওয়া পর্যন্ত তারা দায়িত্বে বহাল থাকবেন। সরকার চাইলে যেকোনো সময় যেকোনো ট্রাস্টি পরিবর্তন বা পদ শূন্য ঘোষণা করতে পারবে।
এর আগে ২০২৪ সালের শেষ দিকে গঠিত তিনটি ট্রাস্টের পূর্ববর্তী বোর্ডের ভাইস চেয়ারম্যান ও মনোনীত সব সদস্যকে অব্যাহতি দিয়ে এই নতুন বোর্ডগুলো পুনর্গঠন করা হলো।