নিজের ব্যক্তিগত জীবনকে সব সময় প্রচারের আলো থেকে দূরে রাখতে ভালোবাসেন জনপ্রিয় বলিউড অভিনেতা সিদ্ধার্থ নিগম। তবে এবার ভক্তদের বড় ধরনের চমক দিয়ে নিজের ভালোবাসার মানুষের কথা প্রকাশ্যে এনেছেন এই তারকা।

একটি রহস্যময়ী নারীর সঙ্গে ধারাবাহিক কয়েকটি ছবি শেয়ার করে তিনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে তিনি বর্তমানে সম্পর্কে রয়েছেন। সেই বিশেষ মানুষটির নাম রিয়া থাক্কর।

সম্পর্কের বিষয়টি আড়ালে রাখার পেছনে কোনো বিতর্ক নয়, বরং ব্যক্তিগত জীবনকে জনসমক্ষে এনে অপ্রয়োজনীয় আলোচনার শিকার হওয়া থেকে বাঁচাতেই তিনি বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন বলে জানিয়েছেন।

টেলিভিশনের মেগা সিরিয়াল ‘চক্রবর্তী সম্রাট অশোক’ ও ‘আলাদিন: নাম তো শুনাহোগা’-তে অনবদ্য অভিনয়ের পাশাপাশি বড় পর্দাতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন সিদ্ধার্থ। শিশুশিল্পী হিসেবে ‘ধুম ৩’ দিয়ে আত্মপ্রকাশের পর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘কাপ্তান’ এবং ‘কিসি কা ভাই কিসি কি জান’ চলচ্চিত্রে দেখা গেছে তাকে।

ক্যারিয়ারজুড়ে তুমুল জনপ্রিয়তা পেলেও প্রেমের ক্ষেত্রে সিদ্ধার্থ ছিলেন একেবারেই মুখচোরা।

তবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তার সাম্প্রতিক পোস্টটি অনুরাগীদের সামনে এই অভিনেতার রোমান্টিক রূপটি প্রথমবারের মতো উন্মোচন করেছে। রিয়া থাক্করের সঙ্গে সিদ্ধার্থের মিষ্টি মুহূর্তের সেই ছবিগুলো মুহূর্তেই নেটদুনিয়ায় আলোড়ন তৈরি করে।

ছবিগুলোর সঙ্গে দেওয়া একটি দীর্ঘ আবেগঘন বার্তায় সিদ্ধার্থ লেখেন, দুইজন অপরিচিত মানুষ, দুটি ভিন্ন জীবন—আর এমন একটি দেখা যা আমাদের গল্পের এত সুন্দর একটি অংশ হয়ে উঠবে তা আমরা কেউই জানতাম না। এখানে কোনো পরিকল্পনা ছিল না, কোনো চিত্রনাট্যও ছিল না।

আমরা কেবল একে অপরকে খুঁজে পেয়েছি। সাধারণ দিনগুলো, নিভৃত কথোপকথন, একসঙ্গের হাসি আর জীবনের নানা মুহূর্তের মধ্য দিয়ে আমাদের মাঝে সুন্দর কিছু একটার জন্ম হতে শুরু করে। অনেক দিন ধরে এই বিষয়টি কেবল আমাদের নিজেদের ছিল। আমরা নীরবে তা অনুভব করেছি, যত্ন করে আগলে রেখেছি। কিন্তু যখন কোনো কিছু আপনার জীবনে প্রচুর ভালোবাসা, উষ্ণতা ও অর্থ নিয়ে আসে, তখন মাঝে মাঝে আপনার মনে হতে পারে সেই আলোটুকু পৃথিবীর সঙ্গে কিছুটা ভাগ করে নেওয়া যাক।তাই আমরা আজ এখানে অবস্থান করছি—এমন একটি বিশেষ অংশ সামনে নিয়ে যা আমাদের কাছে অনেক বড় অর্থ বহন করে। যেভাবে হোক আমরা একে অপরকে পেয়েছি, আর তার জন্য আমরা সব সময় কৃতজ্ঞ।

পর্দায় পেশাদার ক্যারিয়ার এবং পর্দার বাইরের ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখা সিদ্ধার্থ আরও জানিয়েছেন, সম্পর্কটিকে প্রকাশ্যে না আনার সিদ্ধান্তটি ছিল তার একেবারে নিজস্ব ও পরিকল্পিত। তিনি চেয়েছিলেন যেন তাদের এই পথচলাটি অপ্রয়োজনীয় আলোচনা ও জনসমক্ষে আসার চাপ এড়িয়ে স্বাভাবিক নিয়মে বিকশিত হতে পারে। ভক্তদের ক্রমবর্ধমান কৌতূহলের পরও প্রেমিকা রিয়া থাক্করের সার্বিক পরিচয় নিয়ে অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এই তারকা অভিনেতা। সব মিলিয়ে, নিজের বিশেষ মুহূর্তের ততটুকুই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন যতটুকুতে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা পায়।

সূত্র: মিড-ডে