দেশ গঠনে দলের নেতাকর্মীদের প্রতি চারটি বিশেষ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই কাজগুলোর মাধ্যমে নেতাকর্মীরা নিজেদের ‘সাচ্চা কর্মী’ হিসেবে প্রমাণ করতে পারবেন এবং দেশ গঠনে সরাসরি ভূমিকা রাখতে পারবেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
তার চারটি আহ্বান হলো— বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান এবং দলের ভাবমূর্তি রক্ষায় সতর্ক থাকা।
বৃক্ষরোপণ প্রসঙ্গে তিনি বলেন, পরিবেশ রক্ষায় বর্তমান সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করতে চায়। শহীদ জিয়া ও খালেদা জিয়ার রেখে যাওয়া বৃক্ষরোপণ অভিযানের ধারাবাহিকতায় এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে।
খাল খনন নিয়ে তিনি বলেন, শহীদ জিয়ার বিখ্যাত কর্মসূচি খাল খনন আবার চালু করেছে বর্তমান সরকার। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। নিজ এলাকায় খাল খননে গৌরব নিয়ে অংশ নিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
পরিচ্ছন্নতা প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, আইনজীবী দল, মৎস্যজীবী দলসহ ১১টি অঙ্গ-সহযোগী সংগঠন ও মূল দলের গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা ও পৌরসভার কমিটিগুলো জনগণকে উৎসাহিত করে দেশকে পরিষ্কার করার কাজে অংশ নিতে পারে।
দলের ভাবমূর্তি রক্ষায় তিনি বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যেন মানুষের কষ্ট হয় এমন কাজ করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
শনিবার বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বিকাল পৌনে ৪টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। শুরুতে জিয়াউর রহমান, খালেদা জিয়াসহ শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা, জাতীয় ও দলীয় সংগীত এবং বিএনপির ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনায় ছিলেন প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমানসহ কেন্দ্রীয় নেতারা।