দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন এই অভিনেতা। দীর্ঘ বিরতির পর দেশে ফিরেই ফের সিনেমার কাজে ব্যস্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ব্যক্তিগত কাজের পাশাপাশি ব্যবসায়িক কিছু কাজও সেরেছেন শাকিব। নির্ধারিত কাজগুলো শেষ করেই ঠিক দুই মাস পর দেশে ফিরলেন তিনি।
এর আগে গত ২ জুলাই রাতে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। দেশ ছাড়ার দিনই মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।
তবে, নতুন সিনেমার ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে আরও একটি কাজ বাকি শাকিবের। আগামী সপ্তাহে ‘সোলজার’ সিনেমার শেষ অংশের কয়েকটি দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন তিনি। এরপরই নতুন সিনেমার কাজে পুরোদমে ব্যস্ত হয়ে পড়বেন এই তারকা।
যুক্তরাষ্ট্র সফর শাকিব খানের জন্য অবশ্য নতুন কোনো বিষয় নয়। সিনেমার শুটিং, পারিবারিক প্রয়োজন কিংবা ব্যক্তিগত বিভিন্ন কাজে এর আগেও একাধিকবার দেশটিতে গেছেন তিনি।
শাকিব খান যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী। এ কারণে বছরের নির্দিষ্ট একটি সময় তাকে সেখানে অবস্থান করতে হয়। এবারো ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজের পাশাপাশি সেই নিয়ম মেনেই যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি।
দুই মাসের সফর শেষ করে এবার দেশের মাটিতে ফিরেছেন শাকিব। সামনে ‘সোলজার’-এর বাকি কাজ এবং নতুন সিনেমার শুটিং—সব মিলিয়ে আবারো ক্যামেরা আর ব্যস্ততার জগতে ফিরতে যাচ্ছেন ঢালিউডের এই তারকা।