কয়েক সপ্তাহ বিরতির পর আবারও সরাসরি সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় শিশুসহ ৫ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে রয়টার্স।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইরানের বিপ্লবী গার্ডের আকাশ প্রতিরক্ষা, রাডার ও যোগাযোগ ব্যবস্থায় হামলা চালানো হয়। হামলার বেশিরভাগই হয় হরমুজ প্রণালির আশপাশে।

ইরানের রেড ক্রিসেন্ট জানায়, সিরিক উপকূলে বিয়ের অনুষ্ঠানে হামলায় ৪ বছরের শিশুসহ ৫ জন নিহত ও প্রায় ৫০ জন আহত হন। আহতের সংখ্যা ৬৮ বলেও জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা।

পাল্টা হামলায় ইরান জর্ডান ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জর্ডান জানায়, ১৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১০টি ভূপাতিত করা হয়েছে।

এটি জুলাইয়ের পর দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘাত। যুক্তরাষ্ট্রের দাবি হতাহত হয়নি, ইরানের দাবি বিপুল মার্কিন সেনা নিহত হয়েছে।