রাজধানী ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিতইলেকট্রিক রিকশা চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকারতবে অভ্যন্তরীণ সড়কে সর্বোচ্চ চার যাত্রীর অটোরিকশা নিবন্ধন পাবেছয় যাত্রীর কোনো ই-রিকশা ঢাকার দুই সিটি করপোরেশনে নিবন্ধন পাবে না।

 

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে যাবে। এক থেকে দুই সপ্তাহের মধ্যে জারি করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, বুয়েট, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও সরকারি পলিটেকনিকের অটোমোবাইল বিভাগের প্রত্যয়ন এবং ট্রাফিক বিভাগের ফিটনেস সনদ ছাড়া কোনো ই-রিকশা নিবন্ধন পাবে না। নিবন্ধন দেবে সিটি করপোরেশন ও পৌরসভা।

ঢাকায় ৮টি জোন করা হবে জানিয়ে তিনি বলেন, ৮ জোনের জন্য ৮টি আলাদা রঙ নির্ধারণ করা হবে। এক জোনের রিকশা অন্য জোনে যেতে পারবে না। কোন রুটে চলবে তা সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ ঠিক করবে। রিকশায় জিও-ফেন্সিং ব্যবস্থাও থাকবে।

চার্জিং পয়েন্টের জন্য লাইসেন্স নিতে হবে এবং পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ বাধ্যতামূলক করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।