গুম বিশ্বের নিকৃষ্টতম ও ভয়ংকর অপরাধ উল্লেখ করে জড়িতদের বিচার ও জবাবদিহি নিশ্চিতের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) রাতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দেওয়া বার্তায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর অপরাধ হচ্ছে গুম। এটি মানবাধিকারের চরমতম লঙ্ঘন।”
তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার গণতান্ত্রিক অধিকার দমনে গুমকে বেছে নিয়েছিল। গোপন বন্দিশালা ‘আয়নাঘর’ তৈরি করেছিল। দেশি-বিদেশি সংস্থার হিসাবে কমপক্ষে ৭০০ মানুষকে গুম করা হয়েছে।
তারেক রহমান জানান, বর্তমান সরকার প্রতিটি গুমের তদন্ত ও বিচার শুরু করেছে। ভবিষ্যতে গুম বন্ধে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ সংসদে তোলা হয়েছে।
তিনি বলেন, “গুম শুধু একজন ব্যক্তির হারিয়ে যাওয়া নয়, একটি পরিবারের স্বপ্নের মৃত্যু।”
২০২৪-এর গণঅভ্যুত্থানের পর কেউ কেউ ফিরলেও ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেকের খোঁজ এখনো মেলেনি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।