গুমের সঙ্গে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৯ আগস্ট) আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, শেখ হাসিনার আমলে ৭ শতাধিক মানুষ গুম হয়েছেন। আয়নাঘরের মতো গোপন বন্দিশালায় নির্যাতন চালানো হয়েছে।

তিনি বলেন, ব্রিগেডিয়ার আযমী ও ব্যারিস্টার আরমান ৮ বছর পর ফিরলেও জামায়াত নেতা জাকির হোসাইন, শিবির নেতা আল মোকাদ্দাস, ওলিউল্লাহ, বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেকে এখনো নিখোঁজ।

অন্তর্বর্তী সরকারের করা ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫’ নতুন সরকার আইনে পরিণত করেনি উল্লেখ করে জামায়াত আমির বলেন, নতুন খসড়া বিলে গুমের সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে এবং তদন্তের ভার পুলিশকে দেওয়া হয়েছে, যা অবিবেচনাপ্রসূত। পুলিশ দিয়ে পুলিশের অপরাধের তদন্ত হয় না।

তিনি আরও বলেন, নতুন বিলে মানবাধিকার কমিশনকে বাদ দেওয়া হয়েছে এবং সরকারের হাতে তথ্যভাণ্ডার রাখা হয়েছে। এতে কমিশনকে নখদন্তহীন বাঘ বানানো হয়েছে।

সরকারকে গুমকে বিশেষ অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে স্বাধীন তদন্ত কাঠামো গঠন ও নিখোঁজদের পরিবারের কাছে ফিরিয়ে আনার দাবি জানান তিনি।