বলিউড অভিনেতা সাইফ আলি খানের বান্দ্রার বাড়িতে জোরপূর্বক প্রবেশ এবং তাকে আক্রমণ করার অভিযোগে অভিযুক্ত বাংলাদেশি শরিফুল ইসলাম শুক্রবার (২৮ আগষ্ট) দায়রা আদালতে দোষ স্বীকার করে দণ্ডাদেশে নমনীয়তা চেয়ে আবেদন করেছেন।

শনিবার (২৯ আগষ্ট) টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছেন।

৩১ বছর বয়সী শরিফুল ইসলামের বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি বা মৃত্যু বা গুরুতর আঘাতের চেষ্টাসহ দস্যুতার কঠোর অভিযোগ গঠনের কয়েকদিন পর এই আবেদনটি করা হলো।

গত ১৪ আগস্ট শরিফুলের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ ও অবস্থানের জন্য ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট (এন্ট্রি ইনটু ইন্ডিয়া) আইনের অধীনেও অভিযোগ গঠন করা হয়। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

আগামী ১১ সেপ্টেম্বর মামলাটির শুনানি হবে। দোষ স্বীকার করায় বিচারের অধিকার হারাবেন সাইফ হামলা মামলার অভিযুক্ত।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর রাতে শরিফুল ইসলাম বান্দ্রা পশ্চিমের একটি হোটেলে চাকরি নেওয়ার আগে বান্দ্রা ও খার এলাকা জরিপ করে। পরবর্তীতে হোটেল মালিকের সাথে বিবাদের পর সে চাকরিটি ছেড়ে দেয়। ২০২৫ সালের ১৬ জানুয়ারি, সে বান্দ্রা থেকে খার এবং তারপর সৎগুরু শরণে হেঁটে যায়। সেখানে সে সাইফ আলি খানের বাড়িতে ডাকাতির চেষ্টা করে এবং অভিনেতার ওপর হামলা চালায়। ২০২৫ সালের ১৯ জানুয়ারি শরিফুলকে গ্রেপ্তার করা হয়।