মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারে সম্প্রতি একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব, তুরস্কপাকিস্তান। ‘মক্কা প্যাক্ট’ নামে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী, এই তিন দেশের যে কোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে।

 

এই প্রতিরক্ষা জোটে বাংলাদেশও যোগ দিতে পারে— এমন গুঞ্জন শোনা যাচ্ছে; চলছে নানা আলোচনা। বিষয়টি নিয়ে ইতোমধ্যে পক্ষে-বিপক্ষে নানা মতও পাওয়া গেছে। এবার বিষয়টি নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি।

জামায়াত আমির লিখেন, ‘মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।’

প্রসঙ্গত, চলতি বছরের ১৯ মার্চ ইসলামি সম্মেলনের সময় সৌদি আরবের রিয়াদে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। সেখানে একটি যৌথ নিরাপত্তা চুক্তি কী রকম হতে পারে সেটি নিয়েও আলোচনা হয়। তারই ধারাবাহিকতায় গত ৭ আগস্ট এই তিনদেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে মক্কায়।

এই জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথাও সম্প্রতি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে এবং বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে।