ফ্যাসিবাদ যাতে আবার পুনর্বাসিত না হয় এবং কেউ ফ্যাসিস্ট হয়ে না ওঠে সে জন্য রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়। যারা অন্যায় ও হত্যাকাণ্ড দেখেও চোখ বন্ধ করে আছেন, তাদের চোখ খুলতে হবে। ফ্যাসিবাদ যেন আবার পুনর্বাসিত না হয় সে জন্য রোডম্যাপ করতে হবে।”
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “২০ দিনে পাখির মতো গুলি করে প্রায় ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, ৩০০ মানুষ হাত-পা হারিয়েছেন। চোখে আলো থাকা অনেকেই বলছেন কিছুই হয়নি।”
তিনি আরও বলেন, “যারা ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছেন, আপনারা চোখ খুলুন। আমরা ভুল করলে আঙুল দিয়ে দেখিয়ে দিন। সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী এটি নাগরিকের দায়িত্ব।”
অনুষ্ঠানে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) এর প্রশংসা করে তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের স্বাবলম্বী করার এ উদ্যোগ গুরুত্বপূর্ণ। এ বছর প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নবী হযরত মোহাম্মদ (সা.)-এর শিক্ষা’।