অয়ন মুখার্জির বহুল প্রতীক্ষিত ফ্যান্টাসি চলচ্চিত্র ‘ব্রহ্মাস্ত্র ২’-এ বলিউড তারকা দীপিকা পাড়ুকোন অভিনয় করছেন না। অতিসম্প্রতি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে, এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্বে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে পর্দায় হাজির হবেন দীপিকা। তবে সেই খবরকে পুরোপুরি ভিত্তিহীন এবং অসত্য বলে আনুষ্ঠানিকভাবে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রীর মুখপাত্র।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন, যার মাধ্যমে ছবিটিতে দীপিকার অন্তর্ভুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটল।
ঘটনার সূত্রপাত বিনোদনবিষয়ক পোর্টাল ‘পিঙ্কভিলা’-র একটি প্রতিবেদন থেকে, যেখানে দাবি করা হয়েছিল যে পরিচালক অয়ন মুখার্জি ও তার টিম ‘অ্যাস্ট্রাভার্স’-এর পরবর্তী অধ্যায়ে ‘অমৃতা’ চরিত্রটির জন্য দীপিকা পাডুকোনকে নিতে অত্যন্ত আগ্রহী। তবে দীপিকার টিম সেই জল্পনা নাকচ করে বিষয়টির সত্যতা স্পষ্ট করেছে। এনডিটিভিকে দীপিকা পাডুকোনের মুখপাত্র স্পষ্ট ভাষায় বলেন, ব্রহ্মাস্ত্র ২-এর সঙ্গে দীপিকা পাডুকোনের যুক্ত থাকা বা কোনোভাবে এই প্রকল্পের অংশ হওয়ার সাম্প্রতিক সব খবরই সম্পূর্ণ অসত্য।
এদিকে, ছবির অন্যান্য আপডেট অনুযায়ী, কেন্দ্রীয় ‘শিবা’ চরিত্রে যথারীতি ফিরছেন রণবীর কাপুর।
জানা গেছে, রণবীর বর্তমানে নিতেশ তিওয়ারির ‘রামায়ণ পার্ট ২’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এবং ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যে এই ছবির শুটিং সম্পন্ন করার কথা রয়েছে তার। এরপর সংক্ষিপ্ত এক প্রস্তুতি পর্ব শেষে ২০২৭ সালের মধ্যেই তিনি ‘ব্রহ্মাস্ত্র ২’-এর মূল শুটিংয়ের কাজে যোগ দেবেন।
উল্লেখ্য, ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’ ছবির মাধ্যমে দর্শকরা শিবা চরিত্রের সঙ্গে পরিচিত হন, যে যুবকটি নিজের ভেতর লুকিয়ে থাকা অলৌকিক অস্ত্রের ক্ষমতার কথা জানতে পারে। প্রথম কিস্তিতে ‘ইশা’ চরিত্রে আলিয়া ভাট ছাড়াও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন এবং আক্কিনেনি নাগার্জুনা।
প্রথম পর্বের শেষ ভাগে ‘দেব’ চরিত্রটিকে ঘিরে যে রহস্য রেখে দেওয়া হয়েছিল, তা মূলত সিক্যুয়েলের প্রেক্ষাপট তৈরি করেছিল। অয়ন মুখার্জির বহুল আলোচিত এই প্রজেক্টটি ভারতীয় সিনেমাজগতে অন্যতম জনপ্রিয় ফ্যান্টাসি ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিচিতি পায়।