নিউইয়র্ক ও সিডনিতে ফ্লাইট চালু, ১০টি উড়োজাহাজ লিজ এবং ডিসেম্বরে তৃতীয় টার্মিনালের সফট ওপেনিংসহ বিমান খাতে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন নতুন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ে প্রথম অফিসে এসে তিনি বলেন, মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়হীনতা দূর করাই প্রথম কাজ।

তিনি জানান, আইকাও অডিটে প্রয়োজনীয় গ্রেড পেলে জানুয়ারি থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালু হবে। ভবিষ্যতে সিডনিতেও ফ্লাইট চালুর পরিকল্পনা আছে। বর্তমানে উড়োজাহাজ সংকটে মধ্যপ্রাচ্যের ফ্লাইট বাড়ানো যাচ্ছে না। এ জন্য ডিসেম্বরের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজের চুক্তি হবে। বোয়িংয়ের নতুন উড়োজাহাজ আসবে ২০৩১ সাল থেকে।

তৃতীয় টার্মিনাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২৫ আগস্ট জাপানি প্রতিষ্ঠানগুলো দরপত্র জমা দেবে। সেপ্টেম্বরের মাঝামাঝি চুক্তি সই করে ১৬ ডিসেম্বর সফট ওপেনিংয়ের লক্ষ্য।

এছাড়া অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু এবং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম পরিবহনের সুবিধার্থে ঈশ্বরদী বিমানবন্দরের রানওয়ে ৬ হাজার থেকে ৮ হাজার ৫০০ ফুটে সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি।