গাজীপুরে গত ২৪ ঘন্টায় চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ট্রেনে কাটা পড়ে এক যুবক, সড়ক দুর্ঘটনায় এক নারী ও মোটরসাইকেল চালক এবং বিদ্যুৎস্পৃষ্টে এক দিন মজুর রয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে জেলার কালিয়াকৈর, শ্রীপুর এবং মহানগরীর বিভিন্ন স্থানে আলাদা দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-জয়দেবপুর-যমুনা সেতু রেল পথের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক এলাকায় ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের শাকিল (৩১) নিহত হয়। নিহত শাকিল টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেকিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
অপরদিকে, শ্রীপুরের বরামা গ্রামের সত্তোরোর্ধ বৃদ্ধ তারা বানু ঔষুধ কেনার জন্য অটোরিকশাযোগে বাজারে যাচ্ছিল। এ দিন দুপুরে শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে দ্রুত গতির ডাম্প ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোরিকশা দুমড়েমুচড়ে তারাবানু নিহত হয়। নিহতের ছেলে মাইনুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। এঘটনায় আরো চার যাত্রী গুরুতর আহত হয়।
নিহত তারা বানু উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মৃত আব্দুর হাইয়ের স্ত্রী।
আহতরা — হলেন একই গ্রামের আব্দুল আউয়াল (৪৫), মমতাজ উদ্দিন তালুকদার (৪০) এবং নুরুল ইসলাম (৩২)। তাদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুর পলাশ চন্দ্র (৪০) নিহত হয়েছে। তিনি দিনাজপুরের কাহারুল খান্ডা গ্রামের সূর্য কান্তের ছেলে এবং ওই গ্রামের রবিউল ইসলামের বাড়িতে বসবাস করে দিন মজুরের কাজ করতেন। বুধবার (১৯ আগস্ট) সারাদিন কাজ শেষে রাতে বাসায় ফিরে গোসল শেষ করে ভেজা কাপড় উঠানের তারে মেলে দিতে যান। হঠাৎ কোনো এক সময় বিদ্যুতায়িত হওয়া ওই তারের স্পর্শ করার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুর নিহত হয়।
খবর পেয়ে রাতে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে এবং নিহতের স্বজনদের অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ তাদের কাছে হস্তান্তর করে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা শাহাবুল ইসলাম বলেন, দুপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর রাজেন্দ্রপুর (বিমান বাহিনী) ঘাঁটি এলাকায় ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষনিক তাদের পরিচয় জানতে পারেনি পুলিশ।
স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।