দেশের আরও ১২ জেলায় চালু হলো ই-বেইলবন্ড ব্যবস্থা। এ নিয়ে মোট ২৮ জেলায় এ সেবা চালু হলো। পর্যায়ক্রমে ৬৪ জেলাতেই চালু হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কার্যক্রম উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে জানানো হয়, আগে ৩ দফায় ১৬ জেলায় ই-বেইলবন্ড চালু ছিল। সেখানে ১ লাখ ২০ হাজার বেইলবন্ড জমা পড়েছে। আগে ১২টি ধাপ লাগলেও এখন এক ক্লিকেই আইনজীবী চেম্বার বা যে কোনো জায়গা থেকে স্মার্টফোনে জামিননামা জমা দিতে পারবেন, সঙ্গে সঙ্গে ওটিপি আসবে।
আইনমন্ত্রী বলেন, এতে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে, দ্রুত জামিনে মুক্তি মিলবে। এটি সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অংশ।
আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা বলেন, এতে জামিননামা যাচাইয়ে সময় কমবে, অহেতুক কারাবাস লাঘব হবে এবং বিচার বিভাগে স্বচ্ছতা বাড়বে।