বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আকতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১২ আগস্ট) মানবসম্পদ বিভাগ-১ থেকে জারি করা এক অফিস নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ থেকে ড. আকতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল বলে গণ্য হবে। তবে মেয়াদ পূর্তির আগেই এই চুক্তি বাতিলের নির্দিষ্ট কোনো কারণ নথিতে উল্লেখ করা হয়নি।

এর আগে ২০২৫ সালের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পান ড. আকতার হোসেন। ওই বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়া চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারিত ছিল। ফলে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার প্রায় ৯ মাস আগেই তার চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাংক।

ড. আকতার হোসেন দায়িত্ব নেওয়ার আগে এ পদে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় দেড় বছর ধরে প্রধান অর্থনীতিবিদের পদটি শূন্য ছিল। পরবর্তীতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন অর্থনীতিবিদ ড. আকতার হোসেনকে এই পদে আনেন বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।

প্রধান অর্থনীতিবিদ হিসেবে ড. আকতার হোসেন কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি প্রণয়ন, সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণের কাজে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির সদস্যের পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের মুদ্রানীতি পর্যালোচনা প্রতিবেদনের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।