আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১১ আগস্ট) সাংবাদিকদের তিনি বলেন, প্রায় ৩৫ বছর পর ভোট হচ্ছে, তাই পুরো প্রক্রিয়া গণমাধ্যমের উপস্থিতিতেই হবে। সাংবাদিকদের জন্য আলাদা আসনের ব্যবস্থা থাকবে।
তিনি জানান, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। সংসদ সদস্যরা নিজ আসনে বসে ভোট দেবেন। মোট ৩৪৯টি ব্যালট থাকবে এবং সামনে রাখা তিনটি বাক্সের যে কোনো একটিতে ব্যালট জমা দিতে হবে। ভোট শেষে অধিবেশন কক্ষেই গণনা হবে এবং প্রধান নির্বাচন কমিশনার প্রাথমিক ফল ঘোষণা করবেন।
ব্যালটের দুটি অংশ থাকবে- এক অংশে ভোটারের নাম ও স্বাক্ষরের জায়গা, অন্য অংশে প্রার্থীদের নাম। ভোটারকে পছন্দের প্রার্থীর পাশে নাম লিখে স্বাক্ষর করতে হবে।
তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমার শেষ দিন, ১৬ আগস্ট বাছাই এবং ১৮ আগস্ট প্রত্যাহারের শেষ দিন।