ভারত ও সারাবিশ্বে তাঁর পরিচয় কিংবদন্তি ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে। সেই সৌরভ গাঙ্গুলীকে এবার ছুটতে হলো পুলিশের কাছে। গত কয়েক মাসে একের পর এক হুঁশিয়ারি চিঠি পাওয়ার পর সর্বশেষ চিঠিতে সৌরভ ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ করেছেন সৌরভ।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রায় ছয় মাস ধরেই সৌরভের নামে বিভিন্ন চিঠি আসছিল। শুরুতে সেগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। তবে সোমবার তাঁর দপ্তরে দুটি চিঠি পৌঁছানোর পর পরিস্থিতি ভিন্ন মাত্রা পায়। ওই চিঠিতে সৌরভ ও তাঁর স্ত্রীকে হত্যার পাশাপাশি তাঁদের ঘনিষ্ঠদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ঘটনার পর চিঠিগুলোর উৎস খুঁজে বের করতে তদন্তে নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, চিঠিগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকতে পারে। এমনকি উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া এলাকার কোনো ব্যক্তির সংশ্লিষ্টতার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
ইতোমধ্যে চিঠি পাঠাতে ব্যবহৃত একটি মোবাইল নম্বর শনাক্ত করেছে পুলিশ। নম্বরটির অবস্থান ও সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। পাশাপাশি কোন কুরিয়ার সংস্থার মাধ্যমে চিঠিগুলো পাঠানো হয়েছে, সেগুলোর চালান ও সংশ্লিষ্ট তথ্যও সংগ্রহ করছে তদন্তকারীরা।
সবগুলো চিঠি একই ব্যক্তির পাঠানো কি না, নাকি এর পেছনে একাধিক ব্যক্তি রয়েছে, সেটিও এখন পুলিশের তদন্তের গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে হুমকির উদ্দেশ্য ও এর পেছনের কারণও খতিয়ে দেখা হচ্ছে।
সৌরভ বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল সিএবি-এর সভাপতি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসেবে পরিচিত ৫৪ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে এমন হুমকির ঘটনায় স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ।