ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বড় দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার ভাষ্য, কৌশলগত এই নৌপথ এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। প্রণালিতে থাকা মাইন শনাক্ত করে সরিয়ে ফেলার কাজও মার্কিন বাহিনী চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘হরমুজ এখন খোলা।’

তার দাবি, বর্তমানে প্রণালিটির নিয়ন্ত্রণ একমাত্র যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাতে। তবে সেখানে মাঝে মাঝে নতুন করে মাইন পেতে রাখা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। মার্কিন বাহিনী সেগুলো শনাক্ত করে অপসারণ করছে বলে জানান ট্রাম্প।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এরই মধ্যে নৌপথটিতে ২০টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের কথা জানানো হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। প্রতিদিন এই পথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এর মাধ্যমে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় ক্ষতিপূরণের দাবি তোলার কথা এর আগে জানিয়েছিলেন ট্রাম্প। ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করছে—এমন বক্তব্যের পর পাল্টা তেহরানের কাছ থেকেও অর্থ দাবি করার কথা বলেন তিনি। বিশেষ করে ইরানের হামলায় নিহত মার্কিন নাগরিকদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চাওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

অন্যদিকে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার আগে ওয়াশিংটনকে একাধিক শর্ত পূরণের দাবি জানিয়ে আসছে ইরান। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ও রয়েছে।

ফলে হরমুজের নিয়ন্ত্রণ ও নৌপথটি পুরোপুরি চালুর প্রশ্নে দুই দেশের অবস্থানের মধ্যে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়েছে।

সূত্র : সিএনবিসি ও আল-জাজিরা।