স্ত্রী সুনীতা আহুজার পরকীয়ার অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুললেন ৯০ দশকের জনপ্রিয় বলিউড তারকা গোবিন্দ।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে গোবিন্দ বলেন, সুনীতা ভালোবাসা থেকেই গালমন্দ করে, আমিও ভালোবাসা দিয়েই মেনে নিই। সে যখন থেকে প্রকাশ্যে এসব বলছে, তখন থেকেই সবার নজর কাড়ছে।
তিনি বলেন, সাফল্য পাওয়ার জন্য নিজের মানুষকে নিয়ে খারাপ কথা বলা কি জরুরি? সুনীতা কৌশলগতভাবে দুটি ভালো কথা বলে একটি সমালোচনা করে।
৯০ দশকে সহ-অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে গোবিন্দ বলেন, তাদের সঙ্গে ভালো বোঝাপড়া ছিল বলেই গানগুলো সফল হতো। নায়িকাদের সঙ্গে তার সম্পর্ক ছিল ভালোবাসা ও সম্মানের।
তিনি আরও বলেন, ৩৪ বছর পর্যন্ত আমি এতটাই নিষ্পাপ ছিলাম যে এখন ভেবে লজ্জা লাগে। বিবাহিত হলেই মানুষ প্রেমে পড়বে না এমন নয়। পুরুষরা মাঝে মাঝে বেপরোয়া সিদ্ধান্ত নিয়ে পরে অনুশোচনা করে।
উল্লেখ্য, ১৯৮৭ সালে গোপনে বিয়ে করেন গোবিন্দ ও সুনীতা। ক্যারিয়ারের কথা ভেবে ২ বছর বিয়ের খবর গোপন রাখেন তারা।