ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির খুনিদের দ্রুত প্রত্যর্পণের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে এ অনুরোধ জানানো হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
তিনি বলেন, আমরা ভারতকে বলেছি হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে। আশা করি ভারত ইতিবাচক পদক্ষেপ নেবে। হাদি হত্যার সন্দেহভাজনরা ভারতে ধরা পড়েছে, ভারত যে কাগজপত্র চেয়েছিল তা দেওয়া হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয়, তাই দ্রুত প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছি।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিচার বিভাগের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছেন, যা একটি রাষ্ট্রের স্তম্ভের প্রতি অশ্রদ্ধা। ভারত সরকার তাকে সেই সুযোগ করে দিয়েছে। আমরা আশা করব ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।
সম্পর্ক স্বাভাবিক হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি গণক না, তাই দিনক্ষণ বলতে পারব না। তবে সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।