দীর্ঘ দেড় দশকে ফ্যাসিবাদী সরকার শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সব খাত ধ্বংস করে গেছে, এখন পুনর্গঠনের পালা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের তিনটি গ্রামের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার। ‘কাউকে পেছনে ফেলে নয়’ এই নীতির সঙ্গে সরকারের ‘সবার জন্য বাংলাদেশ’ নীতির মিল রয়েছে।
এদিন দেশে প্রথমবারের মতো তিনটি এসডিজি ভিলেজের উদ্বোধন করা হয়। গ্রামগুলো হলো- দিনাজপুরের বোচাগঞ্জের নাফানগর, খুলনার দাকোপের পানখালী এবং রাঙামাটির কাপ্তাইয়ের মিতিংগাছড়ি।
তারেক রহমান বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন কোনো এক মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয়, সবার সহযোগিতা প্রয়োজন। প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিশ্চিত করে সমন্বিত উন্নয়নের মডেল তৈরি করা হবে।
অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।