বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগকালীন বিধিমালা উপেক্ষা করে নতুন শর্ত চাপিয়ে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট

নাটোরের রোজি মোজাম্মেল মহিলা কলেজের ৪ শিক্ষকের এমপিও সংক্রান্ত এক রিটের রায়ে এই পর্যবেক্ষণ দেন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের বেঞ্চ। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ওই কলেজে ৪ জন প্রভাষক নিয়োগ পান। ২০২০ সালে কলেজটি এমপিওভুক্ত হলেও তাদের আবেদন ‘এনটিআরসিএ সনদ নেই’ অজুহাতে বাতিল করা হয়।

হাইকোর্ট বলেন, ২০১৫ সালে নিয়োগের সময় এনটিআরসিএ সনদের শর্ত ছিল না, এই শর্ত আসে ২০১৯ সালের বিধিমালায়। নতুন বিধি দিয়ে পুরনো নিয়োগপ্রাপ্তদের অর্জিত অধিকার ক্ষুণ্ন করা যাবে না। তৃতীয় শিক্ষক পদে এমপিও না দেওয়ার সরকারি যুক্তিরও কোনো আইনি ভিত্তি নেই।

আদালত তাদের এমপিও আবেদন বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে ২০২৪ সালের নভেম্বর থেকে এমপিওভুক্ত করে ৬০ দিনের মধ্যে সব বকেয়াসহ আর্থিক সুবিধা পরিশোধের নির্দেশ দিয়েছেন।