নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের ঝাড়খণ্ড। প্রতিবাদে রাজপথে নেমেছেন হাজার হাজার জেন-জি শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) রাজধানী রাঁচিতে বিধানসভা অভিমুখে বিক্ষোভ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। শহরজুড়ে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে এবং বেশিরভাগ স্কুল বন্ধ রাখা হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বারবার প্রশ্নফাঁসের কারণে তাদের ক্যারিয়ার ধ্বংস হচ্ছে। ১৬ দিন ধরে চলা আন্দোলনে সরকার ৩টি পরীক্ষা বাতিলের প্রস্তাব দিলেও, শিক্ষার্থীরা ১৩টি পরীক্ষা বাতিল ও সিবিআই তদন্তের দাবিতে অনড়।
আন্দোলনের নেতা রবীন্দ্র পাসওয়ান জানান, সিবিআই তদন্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এদিকে বিক্ষোভের মুখে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) সাবেক চেয়ারপার্সন এল খিয়াংতেকে গ্রেপ্তার করেছে রাজ্য সিআইডি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পুলিশ জলকামান ব্যবহার করলে কিছু শিক্ষার্থী জলের মধ্যেই নাচতে শুরু করেন, যা সাম্প্রতিক নিট আন্দোলনের দৃশ্যকে মনে করিয়ে দেয়।