হত্যাচেষ্টার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এ আদেশ দেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুলের সঙ্গে এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হয়। এর জেরে ওই তরুণীর মামা ওবায়দুর রহমান গত ২২ জুলাই পল্লবী থানায় হত্যাচেষ্টার মামলা করেন। মামলায় এমপিসহ ৫ জনকে আসামি করা হয়।
এজাহারে বলা হয়, ওবায়দুর এমপির ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। আত্মীয়তার সূত্রে এমপি তার বাসায় যাতায়াত করতেন এবং তার ভাগ্নির সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। ভিডিও ফাঁসের জন্য ওবায়দুরকে দায়ী করে গত ১৪ জুলাই তাকে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা করা হয়।
ভিডিও ভাইরালের ঘটনায় ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করে।