আগামী ১২ আগস্ট ঘটতে যাচ্ছে বিরল এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মহাজাগতিক এই দৃশ্যের সাক্ষী হবেন বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিট থেকে চাঁদের ছায়া আর্কটিক থেকে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের ওপর দিয়ে সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে। গ্রহণটি সর্বোচ্চ ২ মিনিট ১৮ সেকেন্ড স্থায়ী হবে। ১৯৯৯ সালের পর ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ পূর্ণগ্রাস দেখতে পাবেন স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালের কিছু অংশ থেকে।
এছাড়া পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের কিছু অংশ থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। প্যারিসে ৯২%, লন্ডনে ৯১%, বার্লিনে ৮৫% সূর্য ঢাকা পড়বে। আফ্রিকার আলজিয়ার্সে ৯৮% ও কাসাব্লাঙ্কায় ৮৭% গ্রহণ দেখা যাবে।
নাসার তথ্য অনুযায়ী, পৃথিবীতে বছরে ২ থেকে ৫টি সূর্যগ্রহণ হয়, তবে পূর্ণগ্রাস গ্রহণ বিরল। প্রতি দেড় বছরে গড়ে একবার এই ঘটনা ঘটে।