প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ৯ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী ও হেফাজত আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বৈঠকে মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এই দাবিগুলো তুলে ধরেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

হেফাজতের ৯ দাবি হলো:

১. আল্লাহ, রাসূল (সা.), কোরআন ও ইসলাম অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাস।

২. কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন না করা।

৩. ২০১৩ সালের শাপলা চত্বর, ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার।

৪. কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের মাস্টার্স সমমানের স্বীকৃতি কার্যকর ও সরকারি চাকরিতে অন্তর্ভুক্তি।

৫. প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা বাধ্যতামূলক।

৬. কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা ও হিজবুত তাওহিদকে নিষিদ্ধ করা।

৭. পার্বত্য চট্টগ্রামে মিশনারিগুলোর ষড়যন্ত্র বন্ধ করা।

৮. আলেমদের বিরুদ্ধে আওয়ামী আমলের মিথ্যা মামলা প্রত্যাহার।

৯. তাবলিগের কার্যক্রম উলামায়ে কেরামের তত্ত্বাবধানে রাখা, মাওলানা সাদের আগমনে নিষেধাজ্ঞা বহাল ও টঙ্গীতে সাদপন্থীদের ইজতেমার অনুমতি না দেওয়া।

অভিনন্দনপত্রে হেফাজত প্রধানমন্ত্রীর প্রয়াত বাবা জিয়াউর রহমানের সংবিধানে বিসমিল্লাহ সংযোজন এবং মা বেগম খালেদা জিয়ার আলেম-ওলামার প্রতি শ্রদ্ধার কথা স্মরণ করে। তারা বলেন, প্রধানমন্ত্রীর এই সফর দ্বীন ও রাষ্ট্রের মেলবন্ধনের স্মারক।