পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রবিবার (৯ আগষ্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে ঠিক কী বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সে বিষয়ে দুই পক্ষের কোনো তরফ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী শুধু জানান, আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার বৈঠক করবেন।

মূলত ওই বৈঠকের পরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে ব্রিফিং করা হবে। এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সোমবার সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই নির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে দিল্লিতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। ঠিক এমন একটি প্রেক্ষাপট ও পরিস্থিতির মাঝেই দুই দেশের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো।

এর আগে আজ বিকালে রাজধানীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘জনগণের নেতা’ হিসেবে অভিহিত করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এই দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলে দুই দেশের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে।

তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ অনেকবার শুনেছি। তিনি জনগণের নেতা, আমাদের প্রধানমন্ত্রী মোদিও তাই।

আমি বিশ্বাস করি, যখন দুই নেতা বৈঠক করবেন, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এ বিষয়ে আমি পূর্ণ আত্মবিশ্বাসী।