চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।
সকালে শাহজালাল বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। সিআইডি জানায়, তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন এবং দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। জামিন পেলে পলাতক হতে পারেন, তাই তাকে কারাগারে রাখার আবেদন করা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষ বলেন, সালমান শাহের মামা রিজভী স্বীকারোক্তিতে বলেছেন, ১২ লাখ টাকার চুক্তিতে সালমানকে হত্যা করা হয় এবং ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়। ডন এ মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।
বিকেলে কড়া নিরাপত্তায় বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে ডনকে আদালতে তোলা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। তখন অপমৃত্যু মামলা হলেও পরে পরিবারের আবেদনে তা হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয়। গত ২১ অক্টোবর রমনা থানায় তার মামা মোহাম্মদ আলমগীর নতুন করে হত্যা মামলা দায়ের করেন। এতে স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়। মামলার তদন্ত প্রতিবেদনের পরবর্তী তারিখ ৩০ আগস্ট।