পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৮ আগস্ট সরকারি ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। এদিন বেতনসহ ছুটি ভোগ করবেন দেশটির সরকারি ফেডারেল সরকার ও বেসরকারি খাতের কর্মীরা।
আমিরাতের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ২৮ আগস্ট (শুক্রবার) ফেডারেল সরকার ও বেসরকারি খাতের কর্মীদের জন্য বেতনসহ সরকারি ছুটি থাকবে।
তবে ছুটির দিনটি শুক্রবার হওয়ায় ফেডারেল সরকার ও বেসরকারি খাতের যেসব কর্মী সাধারণত শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি পালন করেন, তারা টানা তিন দিনের ছুটি পাবেন।
এই ছুটি চলবে শুক্রবার ২৮ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত। এরপর ৩১ আগস্ট (সোমবার) থেকে কর্মীদের কাজে ফিরতে হবে।