তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য টেকনিক্যাল কমিটি কাজ শুরু করেছে এবং শিগগিরই পাইলট প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (৮ আগস্ট) কুড়িগ্রামের চিলমারী বন্দর এলাকায় নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তিস্তা একটি বড় প্রকল্প, একদিনে বাস্তবায়ন সম্ভব নয়। সরকারের বয়স মাত্র পাঁচ মাস, আমাদের কিছুদিন সময় দিন। বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। অল্প দিনের মধ্যেই পাইলট প্রকল্প হিসেবে কাজ শুরু করব।
তিনি বলেন, চিলমারী বন্দরসহ কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ ও নদীভাঙন রোধে দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষের ঘরবাড়ি, হাট-বাজার, মসজিদ-মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান যেন নদীতে বিলীন না হয় সেজন্য সরকার কাজ করছে।
নদীভাঙন রোধে কোনো দলীয় বিবেচনা হবে না উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে জেলার প্রায় ১০০টি ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে কাজ চলছে।
এ সময় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।