শেখ হাসিনাকে ভারতে বসে বারবার বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় ভারতের সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, আপনারা ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বও চাইবেন, দুটো একসঙ্গে চলতে পারে না।
তিনি বলেন, ভারত বলে হাসিনার বক্তব্যের সঙ্গে তারা নেই, কিন্তু তাকে বিশ্বমাধ্যমে কথা বলার সুযোগ দিচ্ছে। এভাবে কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে না। ভারত কি তাকে বারবার মিটিং করতে দেওয়া সমর্থন করে?
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে পারস্পরিক মর্যাদা, সম্মান ও সার্বভৌম সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। আমরা আওয়ামী লীগ হতে পারব না।
শেখ হাসিনা ও তারেক রহমানের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, তারেক রহমান লন্ডনে আইন মেনে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে নির্বাসিত ছিলেন। আর শেখ হাসিনা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দণ্ডিত। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে, অথচ তিনি কোনো অনুশোচনাও করেননি।
তিনি আরও বলেন, একজন পতিত স্বৈরাচার ও গণহত্যাকারীকে ভারত কি গণতান্ত্রিক নেতা হিসেবে স্বীকৃতি দিতে পারে? বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির দায় ভারত এড়াতে পারে না। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছে।