জুলাই শহীদদের কবর পাকা করতে অন্তর্বর্তী সরকার ২ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছিল, সেই টাকাও তারা মেরে দিয়েছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ইশরাক বলেন, অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে জুলাই অধিদপ্তর গঠন করেনি। ফলে বিএনপি সরকার এসে কাজ করতে গিয়ে বেগ পেতে হচ্ছে। দলীয় পরিচয়ের কারণে অনেক জুলাই যোদ্ধাকে তারা গেজেটভুক্ত করেনি। আমরা তাদের গেজেটভুক্ত করার কাজ করছি।

তিনি বলেন, আমি গিয়ে দেখি শহীদদের কবরের কোনো চিহ্নই নেই। অথচ টাকা বরাদ্দ হয়েছিল। তারা কবরের টাকা মেরে খেয়েছে। এমন অনেক তথ্য আমাদের কাছে আছে যা প্রকাশ করলে তারা মুখ লুকানোর জায়গা পাবে না।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপির গণহত্যার কোনো ইতিহাস নেই। ৫ আগস্টের অনুষ্ঠান বানচাল করতে একজন সংসদ সদস্যের নেতৃত্বে মব চালানো হয়েছে। এতে বিদেশি কূটনীতিকদের সামনে দেশের সম্মানহানি হয়েছে।