ওয়ান-ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

শনিবার (৮ আগস্ট) ডিজিএফআই সদর দপ্তরে জেআইসি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, আমাদের তদন্তে সাক্ষীদের বর্ণনায় উঠে এসেছে যে, ওয়ান-ইলেভেনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই জেআইসির কোনো একটি সেলে এনে নির্যাতন করা হয়েছিল।

তিনি বলেন, বিচারের অংশ হিসেবেই আয়নাঘর হিসেবে পরিচিত জেআইসি পরিদর্শন করা হয়েছে। এখানে মানুষকে ধরে এনে বন্দি রেখে অত্যাচার করা হতো। আজকের পরিদর্শনে সেই নির্মম চিত্র কিছুটা অনুভব করা গেছে।

তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর জেআইসির অনেক আলামত ও তথ্য-প্রমাণ নষ্ট করা হয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু কেউ যেন বিচারবহির্ভূত হত্যার শিকার বা আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানির শিকার না হন, সেটাই আমরা চাই। ন্যায়বিচার নিশ্চিত করতে এই পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।