ভ্যালেন্টাইনস ডে-তে বিয়ে, ৫ মাস না পেরোতেই বিচ্ছেদের গুঞ্জন! টলিপাড়ার আলোচিত জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির সংসারে ফাটল ধরেছে বলে জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, আলাদা থাকছেন তারা।
দীর্ঘদিন চুপ থাকার পর অবশেষে মুখ খুলেছেন রণজয়।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) শুটিং সেট থেকে ভিডিও বার্তায় হতাশা প্রকাশ করেন তিনি।
রণজয় বলেন, ভালোবেসেই বিয়ে করেছি। ভাবিনি এমন বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলতে হবে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে চাই না। এই পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত।
স্ত্রী শ্যামৌপ্তিকে নিয়ে কটূক্তির প্রতিবাদও করেন তিনি। বলেন, একজন নারীকে নিয়ে বলার আগে ভাবা উচিত। ওর সম্পর্কে যা বলা হচ্ছে, তা ওর প্রাপ্য নয়।
তবে ঠিক কী হয়েছে, তা খোলাসা করেননি। তার ভাষ্য, যা-ই হোক, আমরা নিজেরাই বুঝে নেব। কারও কাছে সম্পর্কের প্রমাণ দিতে বাধ্য নই। আমাদের নিজেদের মতো বাঁচতে দিন, আর মিথ্যা রটনা নিতে পারছি না।
এদিকে অভিকা মালাকারের সঙ্গে রণজয়ের প্রেমের গুঞ্জনও উড়ছে। এ নিয়েও ক্ষোভ প্রকাশ করে রণজয় বলেন, এসব কথার প্রমাণ কোথায়?
তাহলে কি সত্যিই ভাঙছে রণজয়-শ্যামৌপ্তির সংসার, নাকি সাময়িক ভুল বোঝাবুঝি? উত্তর এখনও অধরা।