নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে আটক যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি খেলনা পিস্তল বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানায় সাংবাদিকদের এ তথ্য জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম।

এর আগে বিকেলে উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের প্রধান ফটকের সামনে আয়োজিত পথসভা চলাকালে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ নিশ্চিত করে, উদ্ধার হওয়া বস্তুটি কোনো আগ্নেয়াস্ত্র নয়; এটি একটি খেলনা পিস্তল।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলম জানান, পথসভা শেষে মঞ্চ থেকে নামার সময় ওই যুবক জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর দিকে এগিয়ে গিয়ে দুইবার গুলি করার চেষ্টা করে। তবে অস্ত্রটি খেলনা হওয়ায় কোনো গুলি বের হয়নি। ঘটনাস্থলেই উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করেন।

পুলিশ জানিয়েছে, আটক যুবকের উদ্দেশ্য ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।