সরকার গঠনের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) একদিনের সফরে তিনি কক্সবাজার ও চট্টগ্রামের একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসূচি চূড়ান্ত করা হয়েছে।
সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ৯টায় মহেশখালীতে পৌঁছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মিডার কার্যক্রম পরিদর্শন করবেন।
দুপুর ১২টায় হেলিকপ্টারে বাঁশখালীতে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং ১০০ গৃহহীন পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেবেন।
এরপর দুপুর ১টায় ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত এবং সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে ৩০টি পরিবারকে ঘর নির্মাণে ১ লাখ টাকা করে এবং ১৫ জন প্রতিবন্ধীকে ১০ হাজার টাকা করে অনুদান দেবেন।
সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লুতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের তৃণমূল নেতাদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি।
রাত ৯টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ উদ্দিন।