নাটোরে বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উত্তরা গণভবন পরিদর্শন শেষে মন্ত্রী আফরোজা খানম এবং হুইপ রুহুল কুদ্দুস দুলু গণভবনের পাশে স্থানীয় দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম আল আমিন তানিম(২৫)। নাটোর শহরের কানাইখালী এলাকার মৃত শাসসুল আলমের ছেলে তিনি।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, শুক্রবার বিকেলে নাটোর উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের সামনে দলীয় এক পথসভায় বক্তব্য দিচ্ছিলেন পর্যটন মন্ত্রী আফরোজা খানম। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে পর্যটন মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় শৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গে ওই যুবকের ধাক্কা লাগে। এতে পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় তাকে তল্লাশি চালিয়ে একটি পিস্তলসহ আটক করে নাটোর সদর থানায় হেফাজতে নিয়ে যায়।

তিনি জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া পিস্তলটি আসল না নকল তা খতিয়ে দেখা হচ্ছে।