দেশের সব বেসামরিক বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছে সরকার। ভিআইপি, সিআইপি ও সাধারণ যাত্রী সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল মানতে হবে এবং বিমানবন্দরে অবৈধ ড্রোন ঠেকাতে অ্যান্টি-ড্রোন সিস্টেম বসানো হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রী বলেন, খুব শিগগিরই আইসিএওর নিরাপত্তা অডিট হবে, যার সঙ্গে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি জড়িত। তাই আগের সভার সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং আন্তর্জাতিক মান শতভাগ মানতে হবে। নিরাপত্তার ক্ষেত্রে ভিআইপি বা সাধারণ যাত্রী সবার জন্য একই নিয়ম। প্রবাসী যাত্রীদের সেবা নির্বিঘ্ন করতে সব সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রায় তিন বছর পর এই কমিটির সভা হলো। এখন মূল কাজ হলো সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা। বিমানবন্দর এলাকায় অবৈধ ড্রোন রোধে অ্যান্টি-ড্রোন সিস্টেম বসানো এবং পর্যাপ্ত স্ক্যানিং যন্ত্র মজুত রাখতে হবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়:
• গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য বিনিময় বাড়ানো • শাহজালাল বিমানবন্দরের প্রবেশপথে আন্ডার-ভেহিকল স্ক্যানিং জোরদার • জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংস্থাগুলোর মধ্যে সমঝোতা স্মারক সই • শাহজালালের বাইরে যানজট, ভিড়, ভিক্ষুক ও অবৈধ লাগেজ র্যাপিং নিয়ন্ত্রণে বেবিচক, পুলিশ, আনসার ও ম্যাজিস্ট্রেটদের আরও সক্রিয় হওয়া।