বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ও ঘৃণ্য ফ্যাসিস্ট।
বুধবার (৫ আগস্ট) গুলশানে জুলাই গণঅভ্যুত্থানের চিত্র প্রদর্শনী দেখার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
রিজভী বলেন, হিটলার-মুসোলিনির মতো ফ্যাসিস্টরা লাখ লাখ মানুষ হত্যা করলেও তারা নিজ দেশকে শ্রেষ্ঠ করার চেষ্টা করেছে। কিন্তু তারা শেখ হাসিনার মতো ব্যাংক লুট, টাকা পাচার, শেয়ারবাজার লুণ্ঠন করেনি। তাদের নিজ দেশের প্রতি ভালোবাসা ছিল, আর হাসিনার এজেন্ডা ছিল দেশ লুট করে পরিবারকে বিদেশে প্রতিষ্ঠিত করা।
তিনি বলেন, আওয়ামী লীগ প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসে ক্ষমতা চিরস্থায়ী করতে রক্ত ঝরাতে দ্বিধা করেনি। ৭২ থেকে ৭৫ এবং ২০০৯ থেকে ২৪ সাল পর্যন্ত স্কুল-কলেজের ছাত্র, কোলের শিশু, দোকান কর্মচারী, সাংবাদিকসহ সব শ্রেণির মানুষ হত্যার শিকার হয়েছে।
রিজভী আরও বলেন, জুলাই বিপ্লব ছিল জনগণের ভেতরের সুপ্ত শক্তির পারমাণবিক বিস্ফোরণ। হাসিনা তা বুঝতে না পেরে বারবার পাতানো নির্বাচন করে জোর করে ক্ষমতায় ছিলেন।