দেশের সব বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে ২৯ বছর ধরে বন্ধ থাকা টাঙ্গাইল কটন মিল পরিদর্শনে এসে এ কথা জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।

তিনি বলেন, মির্জাপুরের ঐতিহ্যবাহী এই কারখানাটি খুব দ্রুত চালু করা হবে। মির্জাপুরে আরও যেসব ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আছে, স্থানীয় এমপির সহযোগিতায় সেগুলোকে আধুনিকায়ন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ব্যবস্থাপনার কাজ শুরু করেছে। বিশেষ করে শিল্প কারখানা চালু রাখতে সোলার বিদ্যুতের ওপর জোর দেওয়া হচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, বিগত ২০ বছর পর তারা দায়িত্ব পেয়েছেন। আগের সরকার বিদ্যুৎ খাতে ভুল তথ্য প্রচার করেছে এবং ব্যাপক দুর্নীতি করেছে। এই খাতকে ভালো জায়গায় নিতে সময় লাগবে, তাই দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

এছাড়া তাঁত বোর্ডের উদ্যোগে টাঙ্গাইলে বেসিক সেন্টার ও ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট উদ্বোধন এবং তাঁতিদের জন্য ট্রেনিং ও ঋণের ব্যবস্থা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

বিটিএমসির সচিব কাজী ফিরোজ হোসাইন জানান, স্বাধীনতার আগে ২৫ একর জমির ওপর এই মিলটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭২ সালে জাতীয়করণ করা হয়। ১৯৯৮ সাল থেকে কারখানাটি পুরোপুরি বন্ধ রয়েছে।

এ সময় টাঙ্গাইল-৭ আসনের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, ইউএনও খান সালমান হাবিবসহ প্রশাসন ও বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।