২০২৬ বিশ্বকাপ শুরুর আগ থেকে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে ফিফা। কোনোমতে বিশ্বকাপ শেষের পরই আরেক বিতর্কিত সিদ্ধান্ত বিশ্বকাপের অংশীদারি বিক্রি করার প্রস্তাবে ফুঁসে উঠেছে গোটা ফুটবল বিশ্ব।
সঙ্গে সঙ্গে প্রস্তাবটি নাকোচ করে দিয়েছে ইউরোপ এবং উত্তর আমেরিকা। এবার এশিয়া ফুটবল সংস্থা-এএফসি।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে এএফসি জানিয়েছে, কাউকে না জানিয়ে, কোনো পরামর্শ না নিয়ে এভাবে কোনো পরিকল্পনা চালু করা যায় না। এতে ফিফার প্রশাসনিক দুর্বলতা এবং সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতাকে দায়ী করেছে এশিয়ার ফুটবল সংস্থাটি।
এএফসির দাবি, অবিলম্বে এই ভুল শোধরাতে হবে। বিভিন্ন দেশের ফুটবল সংস্থা, সদস্য এবং নিজেদেরই প্রশাসনিক কমিটির সঙ্গে আলোচনা না করে এই প্রস্তাব প্রকাশ্যে আনা হয়েছে, তার চরম নিন্দা জানায়।
এএফসি আরো বলেছে, ফিফা বিশ্বকাপ এবং ফুটবল খেলাটা গোটা বিশ্বের ফুটবল পরিবারের অংশ। তার ভবিষ্যৎ ঠিক করতে হবে সবার মত নিয়েই।
সেখানে সব মহাদেশীয় সংস্থা এবং সদস্য দেশগুলোর মতামত গুরুত্ব পাবে।
ফিফার প্রশাসন এবং সিদ্ধান্ত নেওয়ার যে কমিটি, তার কার্যকলাপ পর্যালোচনা করে দেখার আবেদন জানায় এএফসি।
এদিকে, ফিফার প্রস্তাবের বিরোধিতা করে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রধান পরামর্শদাতার পদ ছেড়ে দিয়েছেন অভিজ্ঞ অর্থনীতিবিদ কার্লোস কালদেইরো। তিনি জানিয়েছেন, ইনফান্তিনোর প্রস্তাব ফুটবলের জন্য খুবই খারাপ এবং এটি বাস্তবায়িত হলে ফুটবলের ভবিষ্যৎ বন্ধক রাখতে হবে।