শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বালক ও বালিকা দল থাকবে। তবে মাদরাসা ও স্কুল-কলেজের বালিকা দল গঠন বাধ্যতামূলক নয়; এটি ঐচ্ছিক রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘মাদরাসা ও স্কুল-কলেজের বালিকা দল গঠনটা অপশনাল (ঐচ্ছিক) থাকবে। কেউ ইচ্ছা করলে দল গঠন করে অংশ নেবে, আবার কেউ নাও করতে পারে। এটি আমরা ঐচ্ছিক বিষয় হিসেবে রেখেছি।’
এর আগে মাদরাসার দাখিল ও আলিম স্তরের ছাত্রীদের নিয়ে ফুটবল দল গঠনের নির্দেশনা দেওয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। এ নিয়ে বিতর্কের মুখে শিক্ষামন্ত্রী এ ব্যাখ্যা দিলেন।
তিনি বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষার ক্ষেত্রে কয়েকটি অঙ্গীকার রয়েছে। এর মধ্যে অন্যতম হলো তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা।’
মন্ত্রী আরও বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়া ক্ষেত্রে সুদৃঢ় অবস্থান তৈরি করা আমাদের অঙ্গীকারের মধ্যে রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ট্যালেন্ট হান্ট স্কিম চালু হবে। সুপ্ত প্রতিভার বিকাশের পথ উন্মুক্ত করা আমাদের লক্ষ্য। নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা ও সুযোগ বৃদ্ধি করা হবে। স্পোর্টস ইকোনমি সম্প্রসারণ, আনন্দময় শিক্ষা নিশ্চিত করা এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও দক্ষ মানবসম্পদে পরিণত করাও আমাদের লক্ষ্য।’
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘অনুষ্ঠানটি আমরা শুরু করতে চেয়েছিলাম ৯ আগস্ট। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও চট্টগ্রামে বয়ে যাওয়া বন্যার কারণে বোর্ডের পরীক্ষা এখনো সেখানে শেষ হয়নি। আমাদের প্রস্তুতিও কিছুটা পিছিয়ে আছে। তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে উদ্বোধনী অনুষ্ঠান এক মাস পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছি। তিনি সম্মতি দিয়েছেন।’
তিনি জানান, আগস্টের পরিবর্তে আগামী সেপ্টেম্বরের ৯ অথবা ১০ তারিখে এ টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা রয়েছে।