একীভূত হতে যাওয়া ৫টি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের গ্রাহকরা এখন চিকিৎসা ছাড়াও অন্য জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন।
আগে শুধু নিজের চিকিৎসার জন্য এই টাকা তোলার সুযোগ ছিল। নতুন নিয়মে বাবা-মা, ছেলে-মেয়ে, ভাই-বোন, স্বামী-স্ত্রীর চিকিৎসা এবং মেয়ের বিয়েসহ যেকোনো জরুরি পারিবারিক প্রয়োজনে এই টাকা তোলা যাবে।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যাংক ৫টি হলো – ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। আওয়ামী লীগ সরকারের সময়ে এই ব্যাংকগুলো এস আলম গ্রুপ ও নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে ছিল। তখন জামানত ছাড়াই হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়ায় ব্যাংকগুলো দেউলিয়া হয়ে পড়ে।
পরে অন্তর্বর্তী সরকার ৫টি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করে। নতুন ব্যাংকের মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে ২০ হাজার কোটি দিয়েছে সরকার।
বর্তমানে আমানত বীমা তহবিল থেকে গ্রাহকদের ২ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৮ লাখ ২২ হাজার গ্রাহককে ৩ হাজার ৮৮৭ কোটি টাকা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে এই ৫ ব্যাংকের মোট ঋণ ছিল ১ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যার মধ্যে খেলাপি ১ লাখ ৭০ হাজার কোটি টাকা, অর্থাৎ প্রায় ৮৭ শতাংশ ঋণই খেলাপি হয়ে গেছে।