দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাচ্ছে বগুড়ায়। বগুড়ার এরুলিয়ায় থাকা বর্তমান বিমান ফিল্ডকেই আন্তর্জাতিক মানে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (২৯ জুলাই) দুপুরে বগুড়া বিমানবন্দরের উন্নয়ন নিয়ে বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের এমপি রেজাউল করিম বাদশা এবং বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং এয়ার ভাইস মার্শাল এ.এফ.এম শামীমুল ইসলাম।
সভায় এয়ার ভাইস মার্শাল শামীমুল ইসলাম জানান, শুধু আন্তর্জাতিক বিমানবন্দরই নয়, এর পাশাপাশি এখানে একটি পূর্ণাঙ্গ আধুনিক বিমান ঘাঁটি এবং পাইলট তৈরির জন্য ফ্লাইং একাডেমিও করা হবে।
তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষের যোগাযোগ অনেক সহজ হবে। একই সঙ্গে কার্গো সুবিধা চালু হলে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানিতে নতুন গতি আসবে। বগুড়া একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাবে পরিণত হবে।
সভায় বক্তারা আরও বলেন, বিমানবন্দরটি চালু হলে উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এছাড়া দেশের আকাশসীমার নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বাড়াতে বগুড়ায় বিমান বাহিনীর একটি পূর্ণাঙ্গ স্টেশন স্থাপনের বিষয়েও আলোচনা হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলের অফিসার কমান্ডিং গ্রুপ ক্যাপ্টেন সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মুহাম্মদ রায়হানসহ বিএনপির স্থানীয় নেতারা।